মঙ্গলগ্রহের জেজেরো ক্রেটার: লাল গ্রহে জীবনের সম্ভাবনার নতুন ইঙ্গিত মঙ্গলগ্রহকে আমরা দীর্ঘদিন ধরেই কেবল শুকনো মরুভূমির মতো এক পৃথিবী হিসেবে কল্পনা করেছি—যেখানে লাল ধুলোর ঢেউ ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই। কিন্তু নাসার পারসিভের্যান্স রোভার সম্প্রতি যে নতুন প্রমাণ এনেছে, তা এই ধারণাকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জেজেরো ক্রেটারের গভীর শিলা ও মাটির স্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন এক পরিবেশগত ইতিহাসের সন্ধান পেয়েছেন, যা লাল গ্রহে জীবনের জন্য অনুকূল পরিস্থিতির ইঙ্গিত বহন করে। প্রায় তিন বছরের অনুসন্ধানে পারসিভের্যান্সের অতি সূক্ষ্ম যন্ত্রপাতি বিশেষ করে PIXL নামের এক্স-রে স্পেকট্রোমিটার ও নতুন অ্যালগরিদম MIST ব্যবহার করে গবেষকেরা চিহ্নিত করেছেন ২৪ ধরনের খনিজ। এই খনিজগুলো মঙ্গলগ্রহের একসময়ের জলবায়ু ও ভূ-রাসায়নিক পরিবর্তনের ইতিহাস তুলে ধরে। প্রথমেই যে তথ্য সামনে আসে তা হলো—ক্রেটারের প্রাচীনতম শিলা একসময় প্রবল তাপ ও অম্লীয় জলের সংস্পর্শে ছিল। সবুজাভ খনিজ গ্রিনালাইট, হিসিঙ্গেরাইট কিংবা ফেরোঅ্যালুমিনোসেলাডোনাইটের উপস্থিতি এই দাবিকে সমর্থন করে। এমন উত্তপ্ত ও অম্লীয় পরিবেশ পৃথিবীতেও জীবনের জন্য চ্যালেঞ্জিং, তবে তা একেবারেই প্রাণহীন ছিল না। আমাদের গ্রহেরই উষ্ণ প্রস্রবণের জীবাণুরা প্রমাণ করেছে যে জীবনের অভিযোজন ক্ষমতা অসীম। কালের প্রবাহে এই কঠোর অবস্থা বদলেছে। পরবর্তী স্তরে গবেষকেরা পেয়েছেন অপেক্ষাকৃত শীতল ও নিরপেক্ষ জলের ছাপ। মিনেসোটাইট ও ক্লিনোপটিলোলাইটের মতো খনিজ তৈরি হয়েছে কেবলমাত্র তুলনামূলক ঠান্ডা ও নিরপেক্ষ পিএইচের পানিতে। এই রূপান্তর ইঙ্গিত দেয় যে জেজেরো ক্রেটার কোনো এক সময়ে জীবনের জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল। পৃথিবীতে যেমন নিরপেক্ষ পিএইচের জলজ পরিবেশ নানা ক্ষুদ্র জীবের জন্য আশ্রয়স্থল, মঙ্গলের এই অংশও হয়তো তেমনই এক সময়ে ছিল জীবনের সম্ভাব্য নীড়। সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার এসেছে সেপিওলাইট নামের এক খনিজের খোঁজ থেকে। এটি গঠিত হয় কেবল নিম্ন তাপমাত্রা ও ক্ষারীয় জলের উপস্থিতিতে—যা পৃথিবীতে জীবনের জন্য অত্যন্ত অনুকূল। গবেষকেরা জানাচ্ছেন, এই সেপিওলাইট পুরো ক্রেটার জুড়েই ছড়িয়ে আছে। অর্থাৎ, কোনো এক দীর্ঘ সময় ধরে জেজেরো ক্রেটার ছিল এমন এক শান্ত ক্ষারীয় জলাভূমি, যেখানে জীবনের অঙ্কুরোদ্গম ঘটতে পারত। শুধু জলীয় পরিবেশের ইতিহাসই নয়, এই অনুসন্ধানে মঙ্গলের আগ্নেয়গিরিমূলক অতীতও স্পষ্ট হয়েছে। পাইরক্সিন, ফেল্ডস্পার ও অলিভিনের মতো খনিজের উপস্থিতি প্রমাণ করে যে ক্রেটারের তলদেশ এক সময় ছিল আগ্নেয়শিলা দ্বারা গঠিত। পরে পানির সংস্পর্শে এসে এই শিলাগুলোতে ঘটে রাসায়নিক পরিবর্তন। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসেও আমরা দেখেছি, এমন পরিবেশের মধ্যেই জটিল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবনের প্রাথমিক অণু তৈরি হয়েছে। ফলে মঙ্গলগ্রহের এই রূপান্তর জীবনের জন্মের জন্য প্রয়োজনীয় রাসায়নিক প্রক্রিয়ার ইঙ্গিত বহন করে। অবশ্যই এই গবেষণা কোনো জীবাশ্ম বা জীবনের প্রত্যক্ষ প্রমাণ দেয়নি। এটি শুধু বলছে, একাধিক সময়ে জেজেরো ক্রেটারে এমন পরিবেশ ছিল যা জীবনের বিকাশের জন্য অনুকূল। বিজ্ঞানীরা তাই আশাবাদী যে পারসিভের্যান্সের সংগৃহীত শিলা ও মাটির নমুনা ভবিষ্যতে পৃথিবীতে এনে বিশ্লেষণ করলে মঙ্গলে প্রাচীন জীবনের সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে নাসার মঙ্গল নমুনা ফেরত আনার পরিকল্পনা এখনো অর্থ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জে আটকে আছে। মঙ্গলের পরিবেশের এই রূপান্তর—প্রথমে উত্তপ্ত ও অম্লীয়, পরে শীতল ও নিরপেক্ষ, শেষে ক্ষারীয়—একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক শিক্ষা দেয়। এটি দেখায় যে একটি গ্রহের জলবায়ু ও ভূতাত্ত্বিক অবস্থা সময়ের সাথে নাটকীয়ভাবে পাল্টাতে পারে এবং সেই পরিবর্তন জীবনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। পৃথিবীর প্রাচীন ইতিহাসেও আমরা এমন বহু পর্বের সাক্ষী, যেখানে কঠিন পরিবেশ ধীরে ধীরে জীবনের উপযোগী হয়ে উঠেছে। এই মিলই বিজ্ঞানীদের নতুন উদ্দীপনা জোগাচ্ছে মঙ্গলের অতীতে জীবনের সম্ভাবনা খুঁজে বের করার জন্য। আজকের দুনিয়ায়, যেখানে আমরা বহির্জাগতিক জীবনের সন্ধানে নতুন প্রযুক্তি ও দূরদর্শী মিশন নিয়ে এগোচ্ছি, জেজেরো ক্রেটারের এই গবেষণা আমাদের এক অনন্য জানালা খুলে দেয়। এটি শুধু মঙ্গল নয়, গোটা সৌরজগতের জীবনের ইতিহাস নিয়ে আমাদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। আমরা হয়তো শিগগিরই জানতে পারব, লাল গ্রহের ধুলোর নিচে কোনো এক সময় সত্যিই কি প্রাণের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। আর সেই উত্তরের খোঁজ আমাদের নিজেদের গ্রহের জন্মকথা বুঝতেও সহায়তা করবে, কারণ জীবনের সন্ধান আসলে আমাদের নিজেদের অস্তিত্বের গভীরতম প্রশ্নেরই অনুসন্ধান।
Leave a comment