ইন্টারনেটে কিছু খোঁজার কাজ একসময় ছিল খুবই সহজ ও যান্ত্রিক। মানুষ সার্চ বারে কিছু শব্দ লিখত, আর সার্চ ইঞ্জিন সেই শব্দের সঙ্গে মিলে যায় এমন ওয়েবসাইট দেখাত। তখন মনে করা হতো সার্চ মানে শুধু তথ্য খোঁজা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি বদলেছে। এখন সার্চ শুধু প্রশ্ন করার বিষয় নয়, বরং এটি মানুষের চাহিদা, অবস্থান, অভ্যাস ও চিন্তার ধরন বুঝে উত্তর দেয়ার মতো এক বুদ্ধিমান প্রক্রিয়া হয়ে উঠেছে।
আজকের দিনে সার্চ ইঞ্জিনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে। এআই এমন এক প্রযুক্তি, যা মানুষের মতো শেখে এবং সিদ্ধান্ত নিতে পারে। এটি অনেক তথ্য থেকে শিখে নেয় কীভাবে ব্যবহারকারীর প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। আগের মতো কেবল শব্দের সঙ্গে শব্দ মেলানো হয় না, বরং এখন সার্চ ইঞ্জিন বোঝে ব্যবহারকারী কী চাইছে, কোথায় আছে এবং কখন কী প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি “ডাক্তার” লিখে সার্চ করেন, তাহলে সার্চ ইঞ্জিন বুঝে নিতে পারে আপনি হয়তো অসুস্থ এবং কাছাকাছি কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে চান। সে অনুযায়ী ফলাফল দেখায়।
এখন সার্চ প্রযুক্তি এমন এক নতুন যুগে প্রবেশ করছে, যাকে বলা হয় এজেন্টিক এআই। এটি এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা শুধু তথ্য দেয় না, বরং মানুষের হয়ে কাজও করতে পারে। ভবিষ্যতে সার্চ ইঞ্জিন এমনভাবে কাজ করবে যে, এটি ব্যবহারকারীর প্রয়োজন বুঝে নিজেই কাজ সম্পন্ন করবে। উদাহরণস্বরূপ, কেউ যদি নিয়মিত ওষুধ খান, এআই তখন নিজে বুঝবে কখন ওষুধ শেষ হয়ে যাচ্ছে, নতুন অর্ডার করবে, এমনকি সময় হলে মনে করিয়ে দেবে যে ওষুধ খাওয়ার সময় হয়েছে।
এজেন্টিক এআই আসলে এমন এক সফটওয়্যার রোবটের সমষ্টি, যাদের বলা হয় এজেন্ট। এই এজেন্টরা একে অপরের সঙ্গে কথা বলতে পারে এবং মানুষের হয়ে সিদ্ধান্ত নিতে পারে। যেমন, একটি স্বাস্থ্য এজেন্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবে, একটি ফার্মেসি এজেন্ট ওষুধ পাঠানোর ব্যবস্থা করবে, আর একটি ক্যালেন্ডার এজেন্ট ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে কখন পরীক্ষা বা চিকিৎসা নেওয়ার সময় হয়েছে। এভাবে এই সব এজেন্ট একসঙ্গে কাজ করে মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে।
কোম্পানিগুলোও এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা জানতে চায় তাদের প্রতিষ্ঠান এআই ব্যবহারে কতটা সক্ষম। এজন্য একটি মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম এজেন্টিক এআই অ্যাসেসমেন্ট। এর মাধ্যমে দেখা হয় প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য কতটা প্রস্তুত। এই মূল্যায়নে সাধারণত কয়েকটি দিক পরীক্ষা করা হয়, যেমন গ্রাহকের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ কতটা বুদ্ধিমান, ব্যবসার লক্ষ্য ও প্রযুক্তির সামঞ্জস্য কেমন, কর্মীদের উদ্ভাবনী মনোভাব আছে কি না, এবং প্রতিষ্ঠান কত দ্রুত তথ্য পরিবর্তন বা হালনাগাদ করতে পারে।
যে প্রতিষ্ঠান এই ক্ষেত্রগুলোতে উন্নতি দেখাতে পারে, তারা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের সাফল্যের সঙ্গে পরিচালনা করতে পারবে। ভবিষ্যতে সার্চ কেবল প্রশ্নোত্তরের মাধ্যম থাকবে না, বরং এটি মানুষের জীবনের একটি অংশে পরিণত হবে। তখন প্রযুক্তি শুধু মানুষের নির্দেশ মানবে না, বরং মানুষের মতোই ভাববে, বুঝবে এবং কাজ করবে।
এই পরিবর্তন কেবল প্রযুক্তিগত নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সহযাত্রী হয়ে উঠবে। অনেক বিশেষজ্ঞের মতে, ভবিষ্যৎ আমাদের ধারণার চেয়েও দ্রুত এগিয়ে আসছে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার।
অতীতে সার্চ ছিল শুধুমাত্র কীওয়ার্ড টাইপ করার বিষয়। কিন্তু এখন এটি হয়ে উঠছে মানুষের সঙ্গে প্রযুক্তির এক যৌথ যাত্রা। এই যাত্রার নামই হলো ভবিষ্যতের এজেন্টিক এআই—যেখানে তথ্য, প্রযুক্তি ও মানববুদ্ধি একসঙ্গে কাজ করবে একটি বুদ্ধিমান পৃথিবী গঠনের লক্ষ্যে।

Leave a comment