ড. রিপন কুমার সিকদার
প্রধান উপদেষ্টা, বিজ্ঞানী.অর্গ
About
ড. রিপন কুমার সিকদার একজন উদ্ভিদ স্ট্রেস ফিজিওলজিস্ট, বীজ ব্যবস্থা বিশেষজ্ঞ ও কৃষি উন্নয়ন পেশাজীবী। তাঁর কাজের পরিসর বৈজ্ঞানিক গবেষণা, কৃষি উদ্ভাবন ও বীজ খাতের উন্নয়ন-এই তিন ক্ষেত্রকে ঘিরে। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন PARTNER কর্মসূচির আওতায় দেশের বীজ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে তিনি কাজ করছেন।
বাংলাদেশের সরকারি বীজ খাতে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার সূত্রে তাঁর কাজের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ, বীজের গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল বীজ ব্যবস্থা গড়ে তোলা। বৈজ্ঞানিক জ্ঞান ও নতুন প্রযুক্তিকে কৃষির বাস্তব প্রয়োজনে কাজে লাগিয়ে বীজ ব্যবস্থাকে আরও কার্যকর করা, কৃষকের কাছে মানসম্পন্ন বীজের প্রাপ্যতা বাড়ানো এবং টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখাই তাঁর পেশাগত কাজের অন্যতম লক্ষ্য।
ড. সিকদার চীনের Chinese Academy of Agricultural Sciences (CAAS) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বিশেষায়িত গবেষণার ক্ষেত্র উদ্ভিদের প্রতিকূলতা শারীরতত্ত্ব। উদ্ভিদের প্রতিকূল পরিবেশে অভিযোজন, উদ্ভিদ পুষ্টি, বীজ বিজ্ঞান ও প্রযুক্তি, ফসল শারীরতত্ত্ব এবং জলবায়ু-সহনশীল কৃষি তাঁর গবেষণার প্রধান আগ্রহের বিষয়। তাঁর গবেষণা Journal of Plant Nutrition-সহ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। Springer Nature প্রকাশিত গ্রন্থে “Seed Germination and Seedling Development in Vegetable Crops” শীর্ষক অধ্যায়েরও তিনি সহলেখক।
গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিমণ্ডলেও তিনি সক্রিয়। গবেষণাপত্র পর্যালোচক হিসেবে তিনি BMC Plant Biology, Scientific Reports, Frontiers in Plant Science, Plant Physiology and Biochemistry এবং Journal of Soil Science and Plant Nutrition-সহ বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকীতে অবদান রেখেছেন। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার University Putra Malaysia (UPM)-এ এক্সটারনাল সুপারভাইজার হিসেবে গবেষণা তত্ত্বাবধান ও আন্তর্জাতিক একাডেমিক পরামর্শ কার্যক্রমের সঙ্গে যুক্ত।
গবেষণা ও কৃষি উন্নয়নের পাশাপাশি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। উদ্ভিদবিজ্ঞান, উদ্ভিদ শারীরতাত্ত্বীয়বিদ্যা, বীজ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং কৃষির নতুন প্রযুক্তি নিয়ে তিনি সাধারণ পাঠকের জন্য লেখেন। তাঁর বিশ্বাস, বৈজ্ঞানিক জ্ঞানের প্রকৃত সার্থকতা তখনই, যখন তা গবেষণাগার ও সাময়িকীর গণ্ডি পেরিয়ে সমাজ, নীতি ও বাস্তব প্রয়োগে ভূমিকা রাখে।
পেশাগত জীবনের বাইরে তাঁর অন্যতম ভালোবাসা আলোকচিত্র। প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, মানুষ ও দৈনন্দিন জীবনের অনন্য মুহূর্ত তাঁর আলোকচিত্রের বিষয়। বিজ্ঞান ও আলোকচিত্র-দুই ক্ষেত্রেই তাঁর অনুপ্রেরণার উৎস অনুসন্ধিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং চেনা জগতের মধ্যে নতুন কিছু আবিষ্কারের আনন্দ।গবেষণার ক্ষেত্র: Plant Stress Physiology, Seed Systems, Seed Science & Technology, Plant Nutrition, Crop Physiology, Climate-Resilient Agriculture, Agricultural Development
